এক সময় কারিনা কাপুর ও শহীদ কাপুরের প্রেম নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হত। এরপরে বিচ্ছেদ এবং সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। দু’জনেরই পথ বদলেছে।
বিয়ে করে যে যার জীবনে সুখী এখন। সম্প্রতি কারিনার ‘পডকাস্ট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদের স্ত্রী মীরা কাপুর।
তা নিয়ে দর্শকের কৌতূহল প্রথম থেকেই তুঙ্গে। বৃহস্পতিবার কারিনা ও মীরার কথোপকথনের বেশ কিছু টুকরো প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই আরও কৌতূহল বেড়েছে অনুরাগীদের।
অনুষ্ঠানের এক ঝলকে দেখা যাচ্ছে, কারিনা ও মীরার মধ্যে জমে উঠেছে হাসি-ঠাট্টা। নিজেদের নিয়ে ছড়ানো নানা গুজব থেকে শুরু করে বলিউডের তারকাদের স্ত্রী হওয়ার অভিজ্ঞতা, আলোচনায় বাদ যায়নি কিছুই।
কথার শুরুতেই কারিনা বলেন, “আমার মনে হয়, এই পর্বের জন্য সবাই একটু বেশিই উত্তেজিত।”
মীরাও তখন হেসে ফেলেন। এর পরেই শাহিদ ও মীরার তৃতীয় সন্তানের প্রসঙ্গ উঠে আসে। কারিনা এর পরে মীরার কাছে জানতে চান, নিজের ব্যাপারে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি?
উত্তরে মীরা বলেন, “শহীদ আর আমি নাকি তৃতীয় বার সন্তানের মা-বাবা হতে চলেছি।” এ কথা শুনে কারিনা মজা করে বলেন, “হতেও তো পারে!” কিন্তু মীরা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন, “না না, আমাদের আর সন্তান চাই না। আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে।”
কথোপকথনের মাঝে কারিনার প্রশংসাও করেন মীরা। তখন বেবো হাসতে হাসতে বলেন, “আমি তো বলিউডের আদর্শ স্ত্রী হওয়ারই স্বপ্ন দেখি!” দুই অভিনেত্রীর কথায় তখন হাসির রোল ওঠে।
মীরা আরও জানান, তার অনেক বান্ধবীই স্বামীর কাছে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে নানা কথা বলেন। সেই সমস্যা মেটানো যায় কী ভাবে, সে কথাও রসিকতার সুরে বলেন মীরা।
তার মতে, বছরের শুরুতেই স্বামীর কাছে কী কী উপহার চান, তার একটি তালিকা তৈরি করে রাখা উচিত। তার এই পরামর্শ শুনে হেসে ফেলেন কারিনা। তিনি বলেন, “এই পরামর্শ আমি অবশ্যই মেনে চলব।”
এক সময়ে কারিনা ও শহীদের প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। পরে ২০১২ সালে সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। অন্য দিকে, ২০১৫ সালে মীরার সঙ্গে বিয়ে হয় শহীদের।
কারিনা ও সাইফের দুই ছেলে রয়েছে— তৈমুর ও জেহ। অন্য দিকে, শহীদ ও মীরার এক মেয়ে ও এক ছেলে— মিশা এবং জৈন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









