শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সম্প্রতি অভিযোগ করেছেন, ডাবলিন বিমানবন্দরে ভ্রমণের সময় রায়ানএয়ারের কর্মীরা তার ও তার পরিবারের সঙ্গে ‘বৈষম্যমূলক’ ও ‘হুমকিমূলক’ আচরণ করেছেন।
বুধবার এক্সে দেওয়া এক পোস্টে সাঙ্গাকারা অভিযোগ করেন, ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ারের গেটে থাকা কর্মীরা তার ও তার পরিবারের সঙ্গে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন। তিনি কর্মীদের কথা বলার ধরন ও প্রক্রিয়া ভুলভাবে পরিচালনার কথা উল্লেখ করেন।
অভিজ্ঞতাটিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে তিনি জানান, ডাবলিনে এটিই তার প্রথম খারাপ অভিজ্ঞতা।
ওই পোস্টের জবাবে একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী সাঙ্গাকারার বিরুদ্ধে নিজেকে বিশেষ কেউ ভাবার এবং ‘অগ্রাধিকারমূলক আচরণ’ চাওয়ার অভিযোগ তোলেন।
তিনি লেখেন, ‘‘সবার সঙ্গে ঠিক একই রকম আচরণ করা বৈষম্য নয়, এমনকি বিশেষ সুবিধায় অভ্যস্ত কেউ তাতে অপমানিত বোধ করলেও। কারও মর্যাদাকে স্বীকৃতি না দেওয়া নিছক নিরপেক্ষতা। একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, মানুষ যখন অগ্রাধিকারমূলক আচরণে অভ্যস্ত হয়ে যায়, তখন সমান আচরণকেও বৈষম্য মনে হয়। রায়ানএয়ার কোনও বাড়তি জাঁকজমকের প্রতিশ্রুতি দেয় না।’’
সাঙ্গাকারা ওই ব্যবহারকারীকে কড়া জবাব দেন।
তিনি বলেন, ‘‘যখন আমাদের বলা হয় যে আপনার মতো পাসপোর্টধারী মানুষের এমন আচরণই প্রত্যাশা করা উচিত, আর আমরা যদি সেই স্পষ্টতই ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে তর্ক করি, তাহলে আমাদের সহযাত্রীদের জন্য হুমকি বিবেচনা করা হবে এবং বিমানে উঠতে দেওয়া হবে না, সেটা সবার সঙ্গে ঠিক একই রকম আচরণ করা নয়। এটা বর্ণবাদ।’’
আগের পোস্টে সাঙ্গাকারা লিখেছিলেন:
ডাবলিনে @Ryanair-এর গেট কর্মীদের কাছ থেকে বৈষম্যমূলক আচরণের অভিজ্ঞতা কি কারও হয়েছে? আমার পরিবার ও আমি এইমাত্র তার শিকার হয়েছি, এবং ব্যাপারটা ছিল ভয়ংকর। কথা বলার ধরন, প্রক্রিয়া ভুলভাবে পরিচালনা এবং হুমকিমূলক আচরণ। যেকোনও যাত্রীর জন্যই অগ্রহণযোগ্য। ডাবলিনে এটাই প্রথম খারাপ অভিজ্ঞতা।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, রায়ানএয়ার একটি আইরিশ অতি-স্বল্পমূল্যের বিমান সংস্থা, যার সদর দপ্তর আয়ারল্যান্ডের কাউন্টি ডাবলিনের সোর্ডসে। নির্ধারিত সূচিতে বহন করা যাত্রীসংখ্যা, বহরের আকার ও মোট ফ্লাইটের বিচারে এটি ইউরোপের বৃহত্তম বিমান সংস্থা।
সাঙ্গাকারার পোস্টের নিচে মন্তব্যে ডব্লিউএসও২-এর প্রধান নির্বাহী সঞ্জীব বীরওয়ারানা জানান, তিনি ‘পশ্চিমের প্রতিটি জায়গায় বৈষম্যের’ মুখোমুখি হয়েছেন।
জবাবে সাঙ্গাকারা বলেন, ‘‘এটা যখন নিজের ওপর ঘটে, তখন বেশ ধাক্কা লাগে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









