যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং তেল পরিশোধনের মুনাফা বেড়ে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ তেল কোম্পানি এক্সনমোবিল ও শেভরন।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠান দুটি বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছে।
বিশ্বের জ্বালানি বাজারে কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। একই সময়ে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং সৌদি আরব ও রাশিয়ার কয়েকটি তেল শোধনাগারে হামলার কারণে জ্বালানি উৎপাদন সক্ষমতা কমেছে। ফলে বাজারে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। সরবরাহ সংকটের মধ্যে তেল পরিশোধনের মুনাফা বাড়ায় পশ্চিমা তেল কোম্পানিগুলোর আয়ও বেড়েছে।
এ সপ্তাহে যুক্তরাজ্যের শেল, ফ্রান্সের টোটালএনার্জিস এবং যুক্তরাজ্যের বিপিও তৃতীয় প্রান্তিকে বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি মুনাফার কথা জানিয়েছে। এর মধ্যে বিপি রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। যুক্তরাষ্ট্রের বাজারমূল্যের হিসাবে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সনমোবিল অন্তত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো অনুসন্ধান ও তেল উত্তোলনের চেয়ে পরিশোধন ব্যবসা থেকে বেশি আয় করেছে। একই সময়ে শেভরনের পরিশোধন ও বিপণন বিভাগের আয়ও ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার লেনদেনে প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ
এক্সনমোবিলের প্রধান অর্থ কর্মকর্তা নেইল হ্যানসেন জানান, জ্বালানি উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত বেটাউন কমপ্লেক্সসহ বিভিন্ন শোধনাগারে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিশ্ববাজারের যেসব অঞ্চলে জ্বালানির প্রয়োজন বেশি, সেখানে সরবরাহ পাঠাতে নিজেদের বাণিজ্যিক দলকে কাজে লাগানো হচ্ছে।
হ্যানসেন বলেন, জ্বালানির বাড়তি দাম পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বাস্তব চাপ তৈরি করছে। সরবরাহ বাড়ানোর জন্য কোম্পানির হাতে থাকা সব ধরনের সুযোগ কাজে লাগানোই এ পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
এক্সন জানিয়েছে, শোধনাগারে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতিদিন আরও এক লাখ ব্যারেল পাতিত জ্বালানি উৎপাদন বাড়ানো সম্ভব হবে। তবে এ লক্ষ্য অর্জনের নির্দিষ্ট সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেছেন, বিদ্যমান শোধনাগারগুলোর সক্ষমতা বাড়ানো এবং সেগুলো আধুনিকায়নের আরও সুযোগ খুঁজছে এক্সন।
অন্যদিকে শেভরনের প্রধান অর্থ কর্মকর্তা এইমার বোনার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের শোধনাগারগুলোতে দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। চলতি দশকের শেষ নাগাদ মিসিসিপির পাসকাগুলা শোধনাগারের উৎপাদন সক্ষমতা ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।
তৃতীয় প্রান্তিকে এক্সনের সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৪ দশমিক ২৩ ডলার। শেভরনের ক্ষেত্রে এ আয় ছিল ৫ দশমিক ২৮ ডলার।
ঋণ কমাতে ব্যবহার হচ্ছে বাড়তি অর্থ
বাড়তি মুনাফার অর্থ দিয়ে বড় অঙ্কের লভ্যাংশ বাড়ানো বা শেয়ার পুনঃক্রয়ের পরিবর্তে ঋণ কমানো এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে এক্সন ও শেভরন।

হ্যানসেন জানান, তৃতীয় প্রান্তিকে এক্সন ৮ বিলিয়ন ডলার ঋণ কমিয়েছে। দীর্ঘ মেয়াদে লভ্যাংশ বজায় রাখা ও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। আগের প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকের লভ্যাংশ শেয়ারপ্রতি ৪ সেন্ট বাড়িয়েছে এক্সন।
অন্যদিকে ২০২৫ সালের শেষ সময়ের তুলনায় শেভরনের নিট ঋণ প্রায় ১৪ বিলিয়ন ডলার কমেছে। বোনার বলেন, প্রতিষ্ঠানটি কয়েক মাসের হিসাবের পরিবর্তে দীর্ঘ মেয়াদ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। জ্বালানির দাম বাড়ুক বা কমুক, শক্তিশালী আর্থিক ভিত্তি ধরে রাখা জরুরি।
বাজারের অস্থিরতার মধ্যে তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলার থেকে বেড়ে ১৩২ ডলার পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে শেভরন।
২০২৭ সালে ২০ বিলিয়ন ডলারের শেয়ার পুনঃক্রয়ের পরিকল্পনা জানিয়েছে এক্সন। আগের দুই বছরেও একই পরিমাণ অর্থের শেয়ার পুনঃক্রয় করেছিল প্রতিষ্ঠানটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









