রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) পর্যায়ের দুই বছর জাপানে পড়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত '২+২' প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা স্নাতকের প্রথম দুই বছর রাবিতে এবং পরবর্তী দুই বছর জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন।
রবিবার ঢাকার বনানীর হোটেল আমারি ঢাকায় রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সাথে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরির নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। একই দিন রাতে হিরোসিমা প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক শিনজিরো ওগিতাও উপাচার্যের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব মতবিনিময়ে রাবি এবং জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেখানে একাডেমিক এক্সচেঞ্জ ও একটি ‘২+২’ একাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তাবিত ‘২+২’ প্রোগ্রাম অনুযায়ী, নির্ধারিত একাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের কাঠামো পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা প্রথম দুই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। এরপর নির্বাচিত শিক্ষার্থীরা জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী দুই বছর অধ্যয়ন করবেন। প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করলে জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক সনদ পাওয়ার সুযোগ থাকবে।
বৈঠকে জাপানের প্রতিনিধিদলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।
মতবিনিময়ে রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত একাডেমিক সহযোগিতা রাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সম্প্রসারিত করবে এবং তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও শিক্ষার্থী আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









