সাজেকবাসীর পাঁচ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম নগরীতে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) কেন্দ্রীয় কমিটি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ‘সংকটে অদম্য, লড়াইয়ে অবিচল, সাজেকবাসীর লড়াইয়ে একসাথে চল’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে নগরের ডিসি হিল থেকে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাব ঘুরে চেরাগী পাহাড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তনুময় চাকমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক থুইনুমং মারমা।
সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা এবং সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুর্দশন চাকমা।
বক্তারা বলেন, সাজেকবাসী দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করলেও সরকার তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সাজেকের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তাদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, সাজেকে সশস্ত্র গোষ্ঠীর হুমকি ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেখান থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে সংকটের যথাযথ সমাধানের দাবি জানান তারা। পাশাপাশি সাজেকের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে তনুময় চাকমা বলেন, নিপীড়ন-নির্যাতন চালিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সাজেকবাসীর পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে দেশের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতিও সংহতি জানানো হয়। শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









