কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রায় দেড় বছর আগে মারা যাওয়া ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে ১০৭ বস্তা বা ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল গ্রহণের তথ্য পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে।
দুদক সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দ করা চাল বিতরণের নথি যাচাই করতে গিয়ে সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে চাল গ্রহণের তথ্য পাওয়া যায়। নথিতে ১৩ অক্টোবর তার নামে ১০৭ বস্তা চাল গ্রহণের উল্লেখ রয়েছে। অথচ তিনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন। তার নামে কীভাবে চাল গ্রহণ দেখানো হয়েছে এবং ওই চাল কোথায় গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, অভিযানে খাদ্যগুদামের বিভিন্ন বিষয় তদন্ত করা হয়েছে। বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।
এর আগে খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক আদেশে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









