নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে অস্ত্রের মুখে দুই প্রবাসীকে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তার ভাই সোহেল ও একই এলাকার আইয়ুব।
ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোররাত ৩টার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে শাহীন কৌশলে আরেকটি গাড়ি দিয়ে তাদের গাড়ির গতিরোধ করেন। এ সময় অস্ত্রধারী কয়েকজন তাদের জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে। পরে তাদের হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে যায়।
পরে এক গাড়িচালকের ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দুই প্রবাসীকে উদ্ধার করে। একই সঙ্গে লুটের মালামাল নিয়ে পালানোর সময় শাহীন, সোহেল ও আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









