চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শুরু হয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিশেষ বই প্রদর্শনী ও বিক্রয় উৎসব। ‘ইউপিএল বই উৎসব ২০২৬’ শীর্ষক এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চলছে।
রবিবার (৪ অক্টোবর) শুরু হওয়া এ বই উৎসব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় কবিতা, ইতিহাস, উপন্যাস, ছোটগল্প, ইংরেজি সাহিত্য, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও গবেষণাধর্মী বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সব বইয়ে ন্যূনতম ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচিত কিছু বইয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। ৭০০ টাকার বই ১০০ টাকা এবং ৮০০ টাকার বই ২০০ টাকায়ও পাওয়া যাচ্ছে।
ইউপিএলের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও নতুন পাঠক তৈরির লক্ষ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বই উৎসব আয়োজন করা হয়। চবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় নিজস্ব অর্থায়নে এ আয়োজন করা হয়েছে।
মেলায় আসা এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে এমন আয়োজন শিক্ষার্থীদের বই কেনার সুযোগ বাড়িয়েছে। বইয়ের মান ও বাঁধাইয়ের তুলনায় দামও যুক্তিসংগত বলে মনে হয়েছে।
আয়োজকেরা জানান, ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বই উৎসব চলবে। শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহের আহ্বান জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









