বরিশালে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মামলা দায়েরের প্রায় ১২ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।
বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাহাদাৎ হোসেন পণ্ডিত ও জলিল হাওলাদার। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ অক্টোবর নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।
সরকারি পিপি তারেক আল ইমরান জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারের পর আদালতের দেওয়া সাজা কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









