জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন গবেষণা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আয়োজিত ‘সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ’-এর ষষ্ঠ আসরে সেরা দশে জায়গা করে নিয়েছে তাদের দল ‘টিম গ্রিন লাইটস’।
দলের সদস্যরা হলেন সানিয়া আক্তার, খাদিজা চৌধুরী দীপা ও মো. সাইফুল ইসলাম। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি তারা অর্জন করেছেন করপোরেট খাতের মর্যাদাপূর্ণ এসিএসসিপি প্রোগ্রামের স্কলারশিপ। তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেইনবিষয়ক অ্যাকাডেমিক-বিজনেস জার্নাল ‘সাপ্লাই চেইন ইনসাইডার’-এ।
‘সাপ্লাই চেইন ডিজরাপশনস অ্যান্ড ট্রান্সপারেন্সি- দ্য রোল অব কাস্টমার ট্রাস্ট ইন বিল্ডিং ব্র্যান্ড লয়ালটি’ শিরোনামের গবেষণাটিতে সাপ্লাই চেইনে বিঘ্ন ও স্বচ্ছতার সংকট ভোক্তার আস্থায় কী প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য ৩৯৫ জন ভোক্তার ওপর জরিপ চালান গবেষকেরা।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে দলের সদস্যরা বলেন, “স্নাতক পর্যায়ে পড়ার সময়ই জাতীয় পর্যায়ের গবেষণামূলক প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এ সাফল্য মার্কেটিং ও সাপ্লাই চেইন নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা করার আত্মবিশ্বাস জুগিয়েছে।”
এর আগে সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জের পঞ্চম আসরেও নজরুল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ‘টিম ডমিনেটরস’ সেরা দশে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









