সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ঢাকার সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তথ্যমতে, ১২৬টি ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি ও ৬৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই রুটে বিমান বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য তাদের ফ্লাইট স্থগিত করেছে। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে বিমানের।
অপরদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে।
এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে মোট ১৯ হাজার ৩৭৭ জন বিমানযাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায়-দফায় হামলা চালিয়েছে। এরপর থেকেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









