আনন্দ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলাজুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। পূজা, আরতি ও সান্ধ্যকালীন প্রার্থনায় মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো।
সোমবার (১৯ অক্টোবর) জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ময়মনসিংহের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৮ শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপগুলো সাজানো হয়েছে আলোকসজ্জা ও নান্দনিক সাজে।
পূজাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও প্রশাসন বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অসাম্প্রদায়িক সম্প্রীতির জেলা ময়মনসিংহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি মণ্ডপে বিশেষ নজরদারি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ কাজ করছে।
উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তাঁদের এ অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে তুলে ধরছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









