শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কেন্দ্রীয় কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপ, তেরোহাতি সার্বজনীন পূজামণ্ডপ ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাহসিনা রুশদীর লুনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় উৎসবে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপের পরিবেশ সুন্দর রাখা ও উৎসবের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসমানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









