মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিকের দ্বিতীয় পর্বে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরা হবে বলে জানিয়েছেন অভিনেতা জাফর জ্যাকসন। তার দাবি, নতুন সিনেমায় প্রয়াত গায়কের নিজের বক্তব্য ও দৃষ্টিভঙ্গিও গুরুত্ব পাবে।
চলতি বছর মুক্তি পাওয়া মাইকেল সিনেমায় জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি উল্লেখ না করায় সমালোচনা হয়েছিল। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত সিনেমাটি মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। সম্প্রতি এটি ওপেনহাইমার-কে ছাড়িয়ে সর্বকালের সর্বাধিক আয় করা বায়োপিকের রেকর্ড গড়েছে।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। ভ্যারাইটি ও জি কিউ মিডল ইস্ট-এর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, দ্বিতীয় সিনেমায় জ্যাকসনের দৃষ্টিভঙ্গি আরও বিস্তারিতভাবে তুলে ধরা হতে পারে।
জাফর বলেন, ‘দিন শেষে অভিযোগগুলো সব সময় অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসে। এটি অন্য কারও গল্প, অন্য কারও উপলব্ধি।’
তিনি আরও বলেন, ‘পরিবার হিসেবে আমাদের সমস্যা হলো, মাইকেলের নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ না পাওয়া। বিশেষ করে তাঁর জীবনের শেষ দিকের বছরগুলোতে তাঁর কণ্ঠস্বর শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রথম সিনেমার নির্মাণপ্রক্রিয়ায় বেশ কিছু দৃশ্য বাদ পড়েছিল। নির্মাণের শেষ পর্যায়ে একটি আইনি শর্ত সামনে আসায় মাইকেলের নেভারল্যান্ড র্যাঞ্চে পুলিশের অভিযানসংক্রান্ত দৃশ্যও বাদ দিতে হয়। পরে জ্যাকসন পরিবারের অর্থায়নে প্রায় পাঁচ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং করা হয়।

পরিচালক ফুকুয়া আগেই জানিয়েছিলেন, দ্বিতীয় পর্বে জ্যাকসনের জীবনের বিতর্কিত বিষয়গুলোকে অতিরঞ্জিতভাবে তুলে ধরা হবে না। বরং একজন মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, সেটিই গুরুত্ব পাবে।
মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে প্রথম শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ১৯৯৩ সালে। পরের বছর অভিযোগকারীর সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়। ২০০৫ সালে পৃথক একটি শিশু যৌন নির্যাতন মামলায় বিচারের মুখোমুখি হয়ে তিনি খালাস পান। ২০০৯ সালে ৫০ বছর বয়সে ওষুধের অতিরিক্ত প্রভাবে তাঁর মৃত্যু হয়।
২০১৯ সালে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র লিভিং নেভারল্যান্ড-এ জ্যাকসনের বিরুদ্ধে আরও যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রামাণ্যচিত্রের পরিচালক ড্যান রিড প্রথম বায়োপিকের সমালোচনা করে বলেন, সিনেমাটিতে জ্যাকসনের ব্যক্তিত্ব ও শিশুদের সঙ্গে তাঁর সম্পর্কের বিতর্কিত দিকগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি।
বিশ্বের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন মাইকেল জ্যাকসনের একক অ্যালবাম ও গানের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। তার জীবন ও সংগীতের পাশাপাশি বিতর্কিত অভিযোগগুলো কীভাবে পর্দায় তুলে ধরা হবে, তা নিয়ে দ্বিতীয় সিনেমাকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









