দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীতে দ্বিতীয় কন্যার আগমন। এ বার নবরাত্রির আবহে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করলেন তারা। জানালেন নামও।
সামাজিক মাধ্যমে দুই মেয়েকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা-রণবীর। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে দ্বিতীয় কন্যা শিশু। আর রণবীরের কোলে বড় কন্যা দুয়া। ছোট বোনের গালে স্নেহচুম্বন দিচ্ছে দুয়া। চার জনের পরনেই সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাক।
সেই পোস্টের সঙ্গেই দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করেছেন তারকাদম্পতি। তার নাম দেবী পাড়ুকোন সিং। অনুরাগীদের অনুমান, দেবীপক্ষের জন্যই এই নামকরণ।
বড় মেয়ে দুয়ার প্রথম ঝলকও দু’বছর আগে উৎসবের মৌসুমে প্রকাশ করেছিলেন তারা। দীপাবলিতে জানিয়েছিলেন মেয়ের নাম।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা। ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের এবং রণবীরের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
এর কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখেন দুয়া পাড়ুকোন সিং। মেয়ের জন্মের পর বেশ কিছু দিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন তারা। পরে দীপিকা ও রণবীর ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









