সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।
সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জারনাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তবে নোটিশে চাঁদা আদায়ের অভিযোগের সরাসরি উল্লেখ নেই।
শোকজ পাওয়া নেতারা হলেন ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি জামাল উদ্দীন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মামা, শাহরিয়ার আহমদ ও নাজমুল হাসান।
নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অভিযুক্ত জামাল উদ্দীন ও বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অপর অভিযুক্ত তোফায়েল আহমেদ হেলু বলেন, ‘দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি লিখিত বক্তব্যে জবাব দেব।’
সম্প্রতি ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









