জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য 'তারুণ্যে দীপ্তপ্রাণে-ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটির বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস। এ ছাড়া র্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
কর্মসূচির শুরুতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু হবে। র্যালিটি রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরবে। সকাল ১০টা ১৫ মিনিটে শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হবে।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসের দ্বিতীয় পর্বে দুপুর ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীতানুষ্ঠান, পুতুলনাট্য মঞ্চায়নসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও রঙ্গভূমির পরিবেশনা থাকবে।
এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের পরিবেশনা শুরু হবে। এতে অফসাইড, কোমল গান্ধার, কিম্ভুত ও স্বরূপ ব্যান্ড অংশ নেবে।
দিনব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নগরবাউল জেমসের কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









