‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. চান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য মেজবাহুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









