মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে রাজনৈতিক বিরোধের জেরে একটি ফার্মেসিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে ফার্মেসির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া চৌধুরী রুম্মানসহ চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন জামায়াতের স্থানীয় নেতারা। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি, একটি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকটি মুঠোফোন হারিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর শাহবাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আরাফাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য দুজন হলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন ও ওয়ার্ড বিএনপির এক সেক্রেটারি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে আগের দিনের ঘটনার প্রতিবাদে শাহবাজপুর বাজারে প্রতিবাদ সভা করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। পরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে শাহজালাল ফার্মেসিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওসার হামিদ সুন্নাহ অভিযোগ করেন, ২৯ অক্টোবর বাজারে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এর জেরে পরদিন প্রতিবাদ সভা ও মিছিলের জন্য মাইকিং করে পরিকল্পিতভাবে তাঁদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ সময় শাহজালাল ফার্মেসিতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং ফার্মেসি থেকে কয়েকটি মুঠোফোন হারিয়ে গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁদের চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন ফার্মেসির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া চৌধুরী রুম্মান, রাহিম নামের দুজন এবং সবুজ। আহত ব্যক্তিদের মধ্যে একজন শাহবাজপুর বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুজনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে আয়েশা হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ খান শনিবার রাতে এদিনকে বলেন, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। ২৯ অক্টোবর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আরাফাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য দুজন হলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন ও ওয়ার্ড বিএনপির এক সেক্রেটারি।
আব্দুস শহিদ খান বলেন, আগের দিনের ঘটনার প্রতিবাদে শুক্রবার তাঁরা মিছিল করেছেন। তবে মিছিল চলাকালে ফার্মেসিতে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা তাঁদের সামনে ঘটেনি। পরে এ ধরনের ঘটনার কথা তাঁরা জানতে পেরেছেন।
তিনি জানান, প্রতিবাদ সভা ও মিছিলে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুস শহিদ খান আরও বলেন, জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তাঁরা বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন। যেহেতু বিষয়টি রাজনৈতিক ও আইনি—তাই দলীয় পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হওয়া উচিত।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান শনিবার রাতে এদিনকে বলেন, ২৯ অক্টোবরের ঘটনায় থানায় একটি পক্ষের করা মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ওই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
ওসি আরও বলেন, পরদিন ৩০ অক্টোবর শাহবাজপুর বাজারে বিএনপি প্রতিবাদ সভা ও মিছিল করে। মিছিলের সময় আসামি সন্দেহে কয়েকজন ফার্মেসির দিকে ধাওয়া করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ৩০ অক্টোবরের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
২৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা এবং পরদিন ফার্মেসিতে হামলা-ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে শাহবাজপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









