পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রশাসন। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইদ্রিস মণ্ডল, সুজন আলী, জাকির হোসেন ও মাসুদ রানা। তাঁদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের তত্ত্বাবধানে ১০ সদস্যের একটি দল থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, হাসপাতাল এলাকায় দালালদের অপতৎপরতা বন্ধ এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









