‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১২ জন যুবকের মধ্যে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।
তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ ও যুবসমাজকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে পাংশা উপজেলায় গ্রামভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মহীন ও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই সফলতা আসে না। সফল হতে প্রয়োজন আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি। তরুণদের চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি। যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় পাংশা উপজেলাকে একটি সমৃদ্ধ ও উৎপাদনশীল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ. জাহাঙ্গীর হোসেন।
দিবসের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় যুবক, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









