আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎকে এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবেই সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড ব্যবস্থায় গেছেন। তিনি নিজের বাসায় আর জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না। জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









