নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা এবং অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাত শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন নোয়াখালী জেলা ছাত্রশক্তির সদস্যসচিব মেহেদী হাসান সীমান্ত।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় নয়, দেশ ও সমাজের প্রতিও শিক্ষার্থীদের দায়িত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং, ছাত্র নির্যাতন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের নিপীড়ন করা হয়েছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা করতে হবে।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করাই ছাত্রসংগঠনের একমাত্র কাজ নয়; শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্দোলন করা এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করাও ছাত্রসংগঠনের দায়িত্ব।
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা, আধিপত্যবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আহত নোবিপ্রবির চার শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমে বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









