আহসান আল মুমিন ও এস কে জারিফ সিয়ামের ব্যাটিং নৈপুণ্যের পর বোলারদের দাপটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
শনিবার (৭ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়েছে টাইগার যুবারা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে চারটি ছক্কা ও দুটি চারের মার ছিল তার ব্যাটে।
অন্য প্রান্তে দারুণ সঙ্গ দেন এস কে জারিফ সিয়াম। ৮৩ বলে ৫৯ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এছাড়া আবদুল্লাহ আল মুহি ২৫ বলে ঝড়ো ৩০ রান করেন। তিন ব্যাটারের কার্যকর পারফরম্যান্সে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সেথমিকা সেনেভিরত্নে। ৫২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তিনি। গিমহান মেন্ডিস নেন তিনটি উইকেট।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্য ব্যাটারদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি তিনি।
শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে শেখ আতিকুর রহমান আকাশ ও তাফিউল আলম তামিম দুটি করে উইকেট তুলে নেন। বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ৪৫ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে এশিয়া কাপের আসরে নিজেদের প্রথম পয়েন্ট ও জয় তুলে নিল টাইগার যুবারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









