সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৫) সন্ধান দুই দিনেও মেলেনি। নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগ ও কোস্ট গার্ডের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আলোরকোল শুঁটকি পল্লির সমুদ্রসৈকতে গোসলে নামলে প্রবল ঢেউ ও স্রোতের টানে তলিয়ে যান রিয়াজ। পরে তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে বন বিভাগ। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল বাষার ঢালী এবং মায়ের নাম রুমেলা খাতুন।
শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর জেলে পল্লি বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরতীর ও সুন্দরবনের বিভিন্ন চরে তল্লাশি চলছে। বন বিভাগ ও কোস্ট গার্ডের পাশাপাশি তার সফরসঙ্গীরাও অভিযানে অংশ নিচ্ছেন।
তিনি জানান, মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধারের সম্ভাবনা কম। বিশাল সমুদ্রে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো কঠিন। এ কারণে মরদেহ পেতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে হতে পারে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ময়মনসিংহের ভালুকা থেকে আলোরকোলের উদ্দেশে রওনা হয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ১০ জন পর্যটক নিয়ে ‘ইকোট্যুরিজম’ নামের একটি কাঠের পর্যটকবাহী লঞ্চ সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে ট্রলারে করে পর্যটকেরা চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্রসৈকতে গোসলে নামেন। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান। ঘটনাটি দেখে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা তাৎক্ষণিক কোস্ট গার্ড ও বন বিভাগকে খবর দেন। এরপরই তল্লাশি শুরু হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। তখন থেকেই উদ্ধার অভিযান চলছে।
অন্যদিকে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে যায়। লঞ্চ দুটিতে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাদের একজন সাগরে তলিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









