রাজধানীসহ সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন।
রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।
এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








