তিন দফা দাবিতে সিলেটে আগামীকাল সোমবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তবে এ কর্মসূচি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কয়েকটি সংগঠন কর্মবিরতির পক্ষে থাকলেও অন্যরা একে অযৌক্তিক আখ্যা দিয়ে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পৃথক সভা করে নিজেদের অবস্থান জানায় সংগঠনগুলো। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কর্মবিরতির বিরোধিতা করে শনিবার সন্ধ্যায় কদমতলীতে নিজেদের কার্যালয়ে সভা করে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সভায় সংগঠনের নেতারা জানান, সোমবারের কর্মসূচির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এতে অংশ নেবেন না।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল বলেন, এ কর্মসূচি আদালত অবমাননার শামিল। এটি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
অন্যদিকে কর্মবিরতির পক্ষে অবস্থান নিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। কর্মসূচি সফল করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
শ্রমিক নেতারা জানান, দাবিগুলো আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ছয়টা থেকে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত হয়।
তিন দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা।
এ ছাড়া নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ কর্মসূচির বিষয়ে অবগত নয়। তিনি কর্মবিরতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








