বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন দাবিদাওয়া ও সংকট সমাধান অসম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এ বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের কথা জানিয়েছেন। সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য বাজেট দেওয়ার আশ্বাস দেন। এরপর আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে নজর দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তার পরিবর্তে দ্রুত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থা যে অবস্থানে ছিল, তা বিগত সরকার পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। ২০২৭ সালে নতুন কারিকুলাম চালু এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। এখন জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জনের পাশাপাশি সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে। পড়াশোনায় অসাধুতা পরিহার করে মানোন্নয়নে মনোযোগী হতে হবে। আধুনিক শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নিয়ে নিজেদের আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








