গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে আরও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। রবিবারের সহিংসতা ও নাশকতার পর সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল শুরু করেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সকাল থেকে সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে স্কুল-কলেজ, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে নতুন করে সহিংসতার আশঙ্কায় মানুষের মধ্যে উদ্বেগ কাটেনি।
যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দেওয়া এবং সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করছে বিজিবি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা সদর, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








