বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল। শিক্ষার মানোন্নয়নে সারাদেশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু গতানুগতিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রকৃত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে।
বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সংকটের বিষয় তুলে ধরা হলে সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং তাঁদের একাডেমিক পরিবেশ, নিয়মশৃঙ্খলা ও শিক্ষাজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








