পাহাড়ের প্রান্তিক কৃষকদের কৃষিকাজ সহজ করা এবং উৎপাদিত ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়াতে প্রায় ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলা ভিত্তিক পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।
চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাহিদা বিবেচনায় পর্যায়ক্রমে আরও আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করা হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল জানান, এসব যন্ত্র ব্যবহারে কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও বাজারজাত করা সহজ হবে। ফুড ড্রায়ারে ফলমূল শুকিয়ে সংরক্ষণ, জুসারে পানীয় তৈরি এবং সিলার মেশিনে প্যাকেজিং করা যাবে।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম যোগাযোগব্যবস্থা ও সংরক্ষণ সুবিধার অভাবে পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠালসহ বিভিন্ন ফলের একটি অংশ নষ্ট হয়। নতুন যন্ত্রপাতির মাধ্যমে এসব ফল প্রক্রিয়াজাত করে জুস ও শুকনো খাদ্যপণ্য তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও বাড়বে।
তিন পার্বত্য জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাঙামাটির ১০ উপজেলার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা কৃষিনির্ভর। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকের উৎপাদন ব্যয় ও শ্রম কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, পণ্যের মূল্য সংযোজন এবং প্রান্তিক পরিবারের আয় বাড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








