দিনাজপুরের ঘোড়াঘাটে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে ১৩০ কেজি ওজনের তিনটি পাথরের খণ্ড উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। উদ্ধার করা পাথরগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার ছত্রা বাজারসংলগ্ন জনবসতিহীন একটি টিনের ঘরে যৌথ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের বিজিবি দল ও ঘোড়াঘাট থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৯০ কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ড, ২০ কেজির একটি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজির একটি শিবলিঙ্গের খণ্ড উদ্ধার করা হয়।
আটক মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা পাথরগুলোর প্রত্নতাত্ত্বিক পরিচয় ও সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়ার উদ্যোগ চলছে। আটক ব্যক্তির চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়া শেষে তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








