২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে সরকার ইতোমধ্যে সহায়ক নীতি প্রণয়ন করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পটি এ লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর অভিজ্ঞতা ও শিক্ষা ভবিষ্যতে দেশের অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পেও কাজে লাগানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। একই সঙ্গে কোনো ধরনের আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








