দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ব্যাট হাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।
দিনের খেলা শুরু করে সতর্কভাবে ব্যাটিং চালিয়ে যান লিটন। অন্য প্রান্তে নতুন ব্যাটার হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ কাগিসো রাবাদার ওভারের শেষ বলে চার মেরে নিজের রানের খাতা খোলেন। এরপর সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন ধীরে ধীরে এগিয়ে যান তিন অঙ্কের দিকে।
অবশেষে ইনিংসের ১৫৪তম বলে প্রথম ছক্কা হাঁকিয়ে শতরানের ঘরে পৌঁছান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ১২টি চার।
সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন লিটন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ মেয়ের জন্মদিনে এমন উপহার দিয়ে মাঠেই তৈরি করেন আবেগঘন মুহূর্ত।
এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন লিটন। সেই ম্যাচে প্রথম ইনিংসে অর্ধশতকও করেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের চার ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। সেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ৩৪ রান। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক হাঁকিয়ে সেই হতাশা পেছনে ফেললেন এই ব্যাটার।
এর আগে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। তাওহীদ হৃদয় ১৩৭ রান করে আউট হওয়ার পর প্রথম দিনের খেলা শেষ হয়। শুরুতে মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজীদ হাসান তামিম ও হৃদয়। দুজনের ৯৯ রানের জুটির পর লিটন ও হৃদয় গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২০৬ রানের জুটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








