গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশি চেকপোস্টকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, থানা ঘেরাও, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, অগ্নিসংযোগ এবং এমপির বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার অডিটরিয়ামের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একপর্যায়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটলে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। পরে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন। এ সময় আগে আটক ব্যক্তিদের থানা থেকে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এরপর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হতাহত, গ্রেপ্তার, আহতদের চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
তাৎক্ষণিক ভাবে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও বক্তব্য পাওয়া যায়নি ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








