রাজধানীর ডেমরায় আবাসিক এলাকায় পরিচালিত একটি জিপসাম প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২৬ জুলাই) দুপুরে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুমের নেতৃত্বে ডেমরার মীরপাড়া-নড়াইবাগ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সৈয়দ তানভীর রায়হান নামে এক ব্যক্তি নিয়ম-নীতি উপেক্ষা করে কারখানাটি পরিচালনা করে আসছেন।
তাদের দাবি, কারখানায় জিপসাম পাউডার উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সময় প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয় না, ফলে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল কাইয়ুম বলেন, রাজউকের মহাপরিকল্পনাভুক্ত আবাসিক এলাকায় একতলা সেমিপাকা টিনশেড ভবনে বাণিজ্যিক শিল্পকারখানা পরিচালনা নগর পরিকল্পনা ও প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারখানাটির কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও দাবি করেন, একসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগের পর সেটি বাতিল করে কারখানাটি শিল্পাঞ্চলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।
বক্তারা আরও বলেন, জিপসাম পাউডারের সূক্ষ্ম ধূলিকণা বাতাসের সঙ্গে মিশে মানুষের শ্বাসনালিতে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া চোখ ও ত্বকের সংস্পর্শে এলে জ্বালাপোড়া ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, কারখানার ধূলিকণা আশপাশের পরিবেশ ও বায়ুর মানের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কিছু উপাদানের কারণে মাটি দূষণের ঝুঁকিও থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান এদিন'কে বলেন, “মানববন্ধনের বিষয়টি পরে শুনেছি। এটি মূলত পরিবেশ অধিদপ্তর, রাজউক ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিষয়। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।”
তবে এ অভিযোগের বিষয়ে কারখানার মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









