ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। ‘যেখানেই আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে ‘ক্লিন সানডে, ক্লিন ময়মনসিংহ, ক্লিন ত্রিশাল’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন ময়মনসিংহ’ গঠন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি রবিবার ‘ক্লিন সানডে’ কার্যক্রম পরিচালিত হবে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম গোপালপুর (আর.জি.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুজ্জামান বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে পরিবেশ যেমন সুন্দর লাগে, তেমনি শিক্ষার্থীদের মনও ভালো থাকে। তারা এখান থেকে পরিচ্ছন্নতার শিক্ষা নিয়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ কর্মজীবনেও তা বাস্তবায়ন করবে।”
নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ বলেন, “সবাই মিলে কাজ করলে আনন্দ লাগে, কোনো কষ্টই অনুভব হয় না।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, “ত্রিশাল উপজেলায় ‘ক্লিন সানডে’ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এটি নিয়মিতভাবে চলমান থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









