রাজধানীর জুরাইন এলাকায় সড়ক দখলমুক্ত রাখতে পরিচালিত হকার উচ্ছেদ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার একটি টিমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কদমতলী থানার এসআই কাদেরের নেতৃত্বে একটি দল জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে থেকে অভিযান শুরু করে। পরে তারা জুরাইন রেলগেট সংলগ্ন সেতু মার্কেটের সামনে পৌঁছে সড়ক দখল করে বসা হকারদের রাস্তা ছেড়ে সরে যেতে নির্দেশ দেন।
এ সময় হকারদের একটি অংশ পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত হয়ে ওঠে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এসআই কাদেরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে এসআই কাদের এদিন'কে বলেন, “রবিবার সন্ধ্যায় আমরা বিক্রমপুর প্লাজার সামনে থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেতু মার্কেটের সামনে পৌঁছাই। সেখানে হকারদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। তবে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক দখলমুক্ত করার অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









