গত সাত মাসে সারা দেশে ১৫ হাজারেরও বেশি শিশু অপহরণ বা নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। জাতীয় শিশু-কিশোর সংগঠনটি মনে করে, দেশের সব শিশু রাষ্ট্রীয় সম্পদ। তাদের সামগ্রিক সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকার বিকল্প নেই। নিখোঁজ বা অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা।
সংগঠনের দপ্তর বিভাগের চেয়ারম্যান ও সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত মাসে ১৫ হাজারেরও বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় খেলাঘর গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকেও এ খবর সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। তাই, শিশু-কিশোরদের সুরক্ষা দিয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার সামগ্রিক দায়িত্ব রাষ্ট্র ও সরকারের।
শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পরিবার যেমন তার সংসারের শিশু-কিশোরদের অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকে, তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থাও শিশুদের সামগ্রিক বিকাশে সুষ্ঠু সামাজিক দায়িত্ব পালনে বাধ্য। শিশু অপহরণ বা নিখোঁজ হয়ে যাওয়ায় সামাজিকভাবে সবাই আতঙ্কগ্রস্ত। শিশুরাও আতঙ্কিত। এ অবস্থায় শিশু-কিশোরদের মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউ ইস্কাটনে খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় সারাদেশের শাখা আসরের মাধ্যমে সবাইকে সচেতন করতে প্রতিবাদী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা থেকে অনতিবিলম্বে বলিষ্ঠভাবে এই শিশু অপহরণ বা নিখোঁজের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন এবং শিশু সুরক্ষায় সরকার ও দেশের সব অভিভাবককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। পাশাপাশি, শিশু নিখোঁজ বা অপহরণের ঘটনায় সরকারিভাবে সামগ্রিক প্রতিবেদন প্রকাশ করে দেশের মানুষকে প্রশান্তি দেওয়ারও অনুরোধ জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









