গ্যাস ও বিদ্যুৎ সংকট ‘আলাদীনের চেরাগের’ মতো মুহূর্তের মধ্যে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে চলমান আন্দোলনের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই কি গ্যাস-বিদ্যুৎ আসবে?’’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস হয়েছে। দীর্ঘদিনের সংকট সমাধানে সরকারকে সময় দেওয়া প্রয়োজন। তার দাবি, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি।
তিনি বলেন, দেশের ব্যাংকগুলো লুট না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান অনায়াসে গ্যাস আমদানি করতে পারতেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চের প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই গ্যাস-বিদ্যুৎ চলে আসবে কি না, সেটি ভেবে দেখা দরকার। তার মতে, এ ধরনের কর্মসূচিতে বরং পেট্রোলের অপচয় হচ্ছে।
দেশপ্রেমের পরিচয় দিতে হলে অপচয় বন্ধ করে সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে বলেই একটি গোষ্ঠী দলটির জনপ্রিয়তাকে ভয় পায় বলেও মন্তব্য করেন আবদুস সালাম।
পরিচ্ছন্নতায় জোর ডিএসসিসির
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার আশপাশে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশন নিয়মিত কাজ করছে। তবে এসব উদ্যোগ নিয়ে কাউকে লংমার্চ করতে দেখা যায় না।
অনুষ্ঠানে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দারা প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পাওয়া অর্থ প্রান্তিক মানুষের খাদ্য সহায়তায় ব্যয় করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
আবদুস সালাম জানান, পর্যায়ক্রমে ডিএসসিসির বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। গুলিস্তানে স্থায়ী স্টল চালুর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন জানান, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









