দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
পূর্বাভাসে বলা হয়, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
এ ছাড়া রাজশাহীতে ৪৫, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬ এবং রংপুরে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলে কমবেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









