রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’’
সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ নিয়েও সমালোচনা করেন তিনি। বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, প্রতিবারই সংকটের সময় বিএনপি দেশকে টেনে ওপরে তুলেছে। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি করেন তিনি।
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে চিফ হুইপ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ‘‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









