মাগুরা সদর উপজেলার কুকনা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগদ ছয় লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে এশিয়া মহিলা কলেজের পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা সম্পর্কে মা-মেয়ে এবং সম্পা পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী এলাকায়।
মাগুরা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়। পরে বাসার একটি স্টিলের লকার থেকে চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সম্পা দাসকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে প্রাইভেটকার, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া যানবাহন মাদক পরিবহনে ব্যবহৃত হতো। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









