ফ্রান্সের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনায় অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১৮ অক্টোবর) প্যারিস, নিস, মার্সেইসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে লুটপাট এবং ব্যাপক অস্থিরতার খবর পাওয়া যায়।
ফরাসি পুলিশের বরাতে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে অন্তত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফ্রান্সের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগতের মানুষের অভিবাসন, যাদের হৃদয়ে ঘৃণা রয়েছে, একসময়কার মহান দেশটিকে ধ্বংস করে দিয়েছে।’

ফ্রান্সের চলমান অস্থিরতার জন্য অভিবাসীদের দায়ী করে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা এমন এক সময়ে এল, যখন দেশটির বিভিন্ন শহরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









