প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। মঙ্গলবার নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সফরে রাজশাহীর উন্নয়ন এবং আখচাষিদের জন্য সুখবর আসতে পারে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতারা।
রবিবার (১৮ অক্টোবর) মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আখচাষিদের জন্য বিশেষ বার্তা দেবেন। এ সফরে রাজশিয়ার দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলোও তার কাছে তুলে ধরা হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা, পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা এবং নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা।
এদিকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সফরে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন তাঁরা।
তিনি জানান, নগরীর উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, বিভিন্ন সড়ক প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল গ্রাউন্ড উন্নয়ন এবং সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণ। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









