রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় চারটি ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাজা চারটি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ অক্টোবর রাতে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত চারটি ককটেল ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিস্ক্রিয় করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









