কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মসূয়া গ্রামের কাদির মেম্বার বাড়িসংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মসূয়া এলাকার সমাজসেবক এ.জেড.এম গোলাম রশিদ পিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান হাসান, সমাজসেবক আবু তালেব, ওমর ফারুক, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, রনি মিয়া ও হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদকাসক্তদের কারণে এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে। মাদকের টাকা জোগাড় করতে মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, দোকানপাট এমনকি কৃষিজমির ফসল ও জিনিসপত্রও চুরি হচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









