সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালীদের নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণমিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন এলাকার জেলে, বাওয়ালীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দীন লিটন, বুড়িগোয়ালিনী ইউপি বিএনপির সদস্যসচিব জি এম রুস্তম আলী, গাবুরা ইউপি বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন, ইউপি সদস্য আবিয়ার রহমান, ফরিদা পারভীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, উন্নয়নকর্মী আশিকুর রহমান, ইয়াছিন আরাফাত ও মো. রবিউল ইসলাম।
বক্তারা সুন্দরবনে নিয়মিত টহল জোরদার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









