রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬২ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪১৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৭৩ জনের। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।
এই সময়ে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হন ৪৩৫ জন, চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ১৩১ জন, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮, সিলেটে ১১ জন ও বরিশালে ১৮২ জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









