বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রিজের পশ্চিম পাশে বাজারসংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিয়া, গুলিশাখালী ইউনিয়নের সমাজসেবক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মুন্সী ও বরগুনা জেলা যুবদলের সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বড় যানবাহন চলাচল করতে না পারায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে গেলেও ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









